রান্নাঘর থেকে পিঁপড়া দূর করার ঘরোয়া উপায়

রান্নাঘর থেকে পিঁপড়া দূর করার ঘরোয়া উপায়

ছবি: সংগৃহীত

রান্নাঘর যতই পরিষ্কার রাখা হোক না কেন পিঁপড়ার আনাগোনা কিছুতেই থামানো যায় না। পিঁপড়ার দৌরাত্ম্য যেন কিছুতে কমার নয়। মাটিতে বা টেবিলে একটু খাবার পড়লেই কোথায় থেকে যেন পিঁপড়ার দল এসে ভিড় করে। চিনির কৌটোতেও থিকথিক করে পিঁপড়া। 

রান্নাঘর থেকে পিঁপড়া দূর করতে ওষুধের প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা কিছু উপাদান দিয়েই সহজভাবেই পিঁপড়া তাড়ানো যেতে পারে। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই-

হলুদ গুঁড়া 

বাড়িতে শিশু থাকলে কীটনাশক ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। তার বদলে ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়া। ঘরের যেসব অংশে পিঁপড়ার দৌরাত্ম্য বেশি, সেখানে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন। পিঁপড়ার দল পালাবে। 

লেবুর রস

পিঁপড়া তাড়াতে ব্যবহার করতে পারেন লেবুর রস। ঘর মোছার পানিতে লেবুর রস কিংবা ভিনেগার মিশিয়ে দিতে পারেন। এছাড়া ৩ কাপ পানি এবং ১ কাপ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দরজার সামনে, জানলায়, ঘরের কোণায়, রান্নাঘরের তাকে স্প্রে করুন। লেবুর গন্ধে পিঁপড়া পালিয়ে যাবে। 

দারুচিনি

পিঁপড়া দূর করতে দারুচিনির গুঁড়ো বা দারুচিনির তেল ব্যবহার করতে পারেন। ঘরের যেসব স্থানে পিঁপড়ার আধিক্য বেশি সেসব স্থানে দারুচিনির গুঁড়ো বা তেল ছড়িয়ে দিন। পানির সঙ্গে দারুচিনির তেল মিশিয়েও স্প্রে করতে পারেন। এতে পিঁপড়ার জ্বালাতন থেকে মুক্তি পাবেন।

লবঙ্গের তেল

পিঁপড়া তাড়াতে ব্যবহার করতে পারেন লবঙ্গের তেল। পানিতে কয়েক ফোঁটা লবঙ্গের এসেনশিয়াল তেল মিশিয়ে ঘর মুছে নিন। পিঁপড়ার আনাগোনা কমাতে পারবেন এই টোটকাতেও।