রূপগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
সংগৃহীত
নারায়ণগঞ্জে রূপগঞ্জে উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রচারণামূলক কর্মসূচিও পালন করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার দাউদপুর ইউনিয়নে খৈসার এলাকায় আয়োজন করা হয়।
জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাফুজুর রহমান হুমায়ুন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
এ সময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিতভাবে মাঠে কাজ করতে হবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।