বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে দুই শতাধিক নেতা-কর্মী

বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে দুই শতাধিক নেতা-কর্মী

সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মেরুচর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও দপ্তর সম্পাদক মুনাহার আলী, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি হামিদুর রহমান এবং মেরুচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আজাবুল ইসলাম। এ ছাড়া ইসলামী আন্দোলনেরও বিপুলসংখ্যক নেতা-কর্মী এ সময় দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-১ আসনের ১১ দলীয় সমর্থিত জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী বলেন, ‘মানুষ এখন নৈতিক রাজনীতির দিকে ঝুঁকছে। এই যোগদান বকশীগঞ্জে আমাদের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, জামালপুর-১ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল (আরমান) এবং উপজেলা এনসিপির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক।