রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছেন ৫৭ হাজার
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৩০৮ জন। তাদের মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
তরুণ ভোটারদের পাশাপাশি প্রবাসফেরত নাগরিকেরাও এবারের নির্বাচনে ভোটার হিসেবে যুক্ত হয়েছেন।
তথ্য অনুযায়ী, রাজবাড়ী-১ আসনের তুলনায় রাজবাড়ী-২ আসনে নতুন ভোটারের সংখ্যা বেশি।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলায় মোট ভোটার ছিলেন ৯ লাখ ৩২ হাজার ৪৯০ জন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে।বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ৫ লাখ ১ হাজার ৭৫৮ জন, নারী ৪ লাখ ৮৮ হাজার ১৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। গত নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন।ভোটার বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও।
আগের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৩৫০টি, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪টিতে।