বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি ও লুটপাটের অভিযোগ
প্রতিকি ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে সৌদি আরবপ্রবাসী আব্দুল হামিদের বাড়িতে চুরি ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ছায়েদ চারেং বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী রোকসানা আক্তার বলেন, আমি ৪-৫ দিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আজ সকালে এসে দেখি, ঘরের পেছনের দরজার তালা ভেঙে আলমারি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা এবং ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, এর আগে কিছু স্থানীয় দুষ্কৃতকারী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আমার ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে। আমি এসব ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী আব্দুল হামিদ প্রায় ৩০ বছর ধরে প্রবাসে থেকে একটি বাড়ি নির্মাণ করেন।
এ সময় কিছু স্থানীয় সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা বিভিন্ন সময় তাকে হয়রানি করে এবং তার ছোট ছেলেকেও মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় প্রবাসী আব্দুল হামিদের স্ত্রী রোকসানা আক্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।