বেগমগঞ্জে ফসলি জমির মাটি কাটায় অর্থদণ্ড, এস্কেভেটর জব্দ
সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে ফসলি জমি রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে আবাদযোগ্য জমির টপসয়েল উত্তোলনের দায়ে একজনকে ৫৫ হাজার টাকা জরিমানা এবং একটি এস্কেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।
জানা গেছে, শনিবার বিকেলে নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণে মোবাইল কোর্ট টহল চলাকালে একটি অভিযোগ আসে দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মিয়াজীবাড়ির সামনে আবাদযোগ্য কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
অভিযানকালে দেখা যায়, কৃষিজমির উর্বর অংশ বা টপসয়েল কেটে নেওয়া হচ্ছে। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত যন্ত্রটি স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।
অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ওই এলাকার বাসিন্দা তরিকুল্লাহ (৭৫)-কে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম ও স্থানীয় ইউপি সদস্য সার্বিক সহযোগিতা করে।
অভিযান শেষে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, ফসলি জমি থেকে মাটি কেটে কৃষিজমির উর্বরতা নষ্ট করে যারা অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।