ম্যানচেস্টার ইউনাইটেডের টানা চতুর্থ জয়
সংগৃহীত
মাইকেল ক্যারিকের নেতৃত্বে যেন নতুন রূপে দেখা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে রেড ডেভিলরা। চলতি মৌসুমে এর আগে ইউনাইটেড সর্বোচ্চ টানা তিন ম্যাচ জয় পেয়েছিল মাত্র একবারই। শনিবার (৭ ফেব্রুয়ারি) ওল্ড ট্রাফোর্ডে শক্তিশালী টটেনহ্যাম হটস্পারকে ২-০ ব্যবধানে হারিয়ে সেই ধারাবাহিকতাই আরও বাড়াল তারা।
ম্যাচের প্রথম ৩০ মিনিটের মধ্যেই বড় ধাক্কা খায় টটেনহ্যাম। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ক্যাসেমিরোর ওপর বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন, ফলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। এরপর ৩৮ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবুমো। ম্যাচের শেষ দিকে, ৮১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজ।
ম্যাচের শুরুতেই দারুণ একটি সুযোগ পেয়েছিল ইউনাইটেড। খেলার ৩৫ সেকেন্ডের মাথায় ফাঁকা জায়গায় বল পেলেও লক্ষ্যভ্রষ্ট শট নেন এমবুমো। ১১ মিনিটে ক্যাসেমিরোর শক্তিশালী শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক।
রোমেরোর লাল কার্ডের পর থেকেই চাপে পড়ে যায় টটেনহ্যাম। দুর্বল হয়ে পড়া প্রতিপক্ষের বিপক্ষে ইউনাইটেড আক্রমণের ধার বাড়ায় এবং প্রথমার্ধেই লিড নেয়। দ্বিতীয়ার্ধে আরও দুইবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়। তবে শেষ পর্যন্ত দিয়েগো দালোতের বাড়ানো ক্রস থেকে পাওয়া বল প্রথম ছোঁয়ায় জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান ব্রুনো।
এই জয়ের ফলে ২৫ ম্যাচে ১২টি জয় ও ৮টি ড্র নিয়ে ৪৪ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, উঠে এসেছে লিগ টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে, টানা ব্যর্থতায় ভোগা টটেনহ্যাম ২৫ ম্যাচে দশম হার নিয়ে ২৯ পয়েন্টে নেমে গেছে ১৪ নম্বরে।