মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত

প্রতিকী ছবি

মুন্সীগঞ্জের নিমতলায় সামনে থাকা গাড়ির সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার পর শ্রীনগর উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম সুজন (৩৭)। তিনি যশোর জেলার রাজারহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ও মিজানুর রহমানের ছেলে। নিহত হেলপারের নাম ইছারুল। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় হলেও বর্তমানে তিনি যশোরে বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিকআপটি যশোর থেকে কাঁচা মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে আসছিল। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।

গুরুতর আহত অবস্থায় হেলপারকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হাঁসাড়া হাইওয়ে থানায় রয়েছে।

দুর্ঘটনায় কবলিত পিকআপটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।