খেলাধুলা শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেম শেখায় : কাদের গনি চৌধুরী
সংগৃহীত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিক শক্তি জোগানোর পাশাপাশি শৃঙ্খলা, আনুগত্য এবং দেশপ্রেম শেখায়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হোটেল ইম্পেরিয়াল মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সুস্থ দেহে সুস্থ মন’ এবং ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই চিরন্তন বাক্যগুলো আমাদের খেলাধুলার আবশ্যকতা মনে করিয়ে দেয়। অথচ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে আমরা বরাবরই উপেক্ষা করে আসছি। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিনের সভাপতিত্বে ও খোকন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এ বি এম রফিকুর রহমান, মশিউর রহমান সুমন, সজল ইসলাম ও শাহাদাত হোসেন প্রমুখ।
কাদের গনি চৌধুরী বলেন, শিশুর বিকাশের মূলে রয়েছে খেলাধুলা। এটি শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করে এবং সৃজনশীলতা ও কল্পনাশক্তি বাড়ায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন আর শিশুদের খেলার মাঠে খুব একটা দেখা যায় না। সকালে সূর্যের মুখ দেখার আগেই তারা একগাদা বই কাঁধে নিয়ে কোচিং সেন্টারের দিকে ছোটে। সারাদিন ক্লাস শেষেও নিস্তার নেই, অনেকের কপালে জোটে প্রাইভেট পড়ার চাপ।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের শিশুদের একটি বড় অংশ পড়াশোনার চাপে পিষ্ট হয়ে মাঠে যাওয়ার সুযোগ পায় না। স্মার্টফোন এবং আকাশ-সংস্কৃতি আমাদের আগামী প্রজন্মকে গ্রাস করে ফেলেছে। ভাবখানা এমন যে, মাঠে যাওয়ার চেয়ে মোবাইলে গেম খেলা কিংবা টেলিভিশন দেখাই ভালো!