দিনাজপুরে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

দিনাজপুরে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

সংগৃহীত

দিনাজপুরে অভিযান চালিয়ে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় র‌্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার জানগুদী গ্রামের বালা মাতুব্বরের ছেলে মাহামুদুল হাসান, ফরিদপুর জেলার নগরকান্দা থানার বিল গোবিন্দপুর গ্রামের মৃত আলম প্রামাণিক এর ছেলে মো. রাজু প্রামাণিক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ০১ নম্বর নশরতপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডস্থ রানীরবন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি গোল্ডেন লাইন বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আটক দুই আসামির দেহ ও তাদের ব্যবহৃত কালো রঙের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৮৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।