জামালপুরে টাকা বিতরণের অভিযোগে তিনজনের কারাদণ্ড
ফাইল ছবি
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বুধবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুনুর রশিদের ছেলে মেহেদী হাসান (২৫), ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা টাকা বিতরণ করেন। পরে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের ৯৪ হাজার ৫০০ টাকাসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেন।
পরে জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।