একটি বিশেষ পোশাকে শঙ্কা জোনায়েদ সাকির
ফাইল ছবি
একটি বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, ভোটারের পরিচিতি নিশ্চিত করতে হবে। আমরা ধর্মের পোশাকের প্রতি সম্মান করি। সেটা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু পোলিং এজেন্ট যেন পরিচিত হয়, তা নিশ্চিত করতে হবে। একটি বিশেষ পোশাক জাল ভোট দেওয়ায় সহায়তা করতে পারে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা প্লাজায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার শঙ্কা প্রকাশ করে জোনায়েদ সাকি বলেন, প্রশাসন একটি দলের পক্ষে প্রভাবিত হলে,অনেক কিছু তারা দেখবেন না। জাল ভোট দেওয়া, কেন্দ্র দখলের পরিকল্পনা, কালো টাকার ছড়াছড়ি বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, এ দেশের জনগণ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের তৎপরতা মেনে নিবে না।কেউ এটা করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের নির্বাহী কমিটির সদস্য ও এম এ খালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।