হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কারাদণ্ড
ফাইল ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর চার সমর্থককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তাদের আটক করে সেনাবাহিনী। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন লেঞ্জাপাড়ার আলী আকবর শিপন, কুটিরগাঁও গ্রামের সাজন মিয়া, একই গ্রামের রায়হান মিয়া এবং হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকার কাউছার আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তারা ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের ব্যানার টানাচ্ছিলেন, যা নির্বাচনি আচরণবিধির পরিপন্থি। হাতেনাতে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের রাতেই হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।