নরসিংদীর ৫টি আসনেই বিএনপির জয়
সংগ্রহীত ছবি
নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইনের কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
নরসিংদী-০১ (সদর): এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির যুগ্মমহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. ইব্রাহিম ভূঞা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। আসনটিতে ভোট পড়েছে ৫৮.৮২ শতাংশ।
নরসিংদী-০২ (পলাশ ও সদরের একাংশ): এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬৮ ভোট। এনসিপির গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। এ আসনে ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ।
নরসিংদী-০৩ (শিবপুর): জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ।
নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব): জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ আসনে ভোট পড়েছে ৫৩.০৬ শতাংশ।
নরসিংদী-০৫ (রায়পুরা): কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মো. বদরুজ্জামান উজ্জ্বল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৮২ ভোট। এ আসনে ভোট পড়েছে ৪৯.০৫ শতাংশ।