চীনা নৌযান জব্দ করল জাপান

চীনা নৌযান জব্দ করল জাপান

সংগৃহীত

তাইওয়ান ইস্যুতে চীন ও জাপানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই চীনের একটি মাছধরা নৌযান জব্দ করেছে জাপানি কর্তৃপক্ষ। চীনের ওই নৌযান জব্দের সময় তাতে ক্যাপ্টেনসহ মোট ১১ জন ছিল, তাদের সবাইকে আটক করা হয়েছে। টোকিওর এই পদক্ষেপ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপের নাগাসাকি জেলার কাছে সাগরের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে নৌযানটিকে জব্দ করে দেশটির কোস্টগার্ড।

জাপানি কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, ‘জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরিদর্শনের লক্ষ্যে একটি মাছধরা চীনা নৌযানকে থামার জন্য সংকেত দেওয়া হয়েছিল; কিন্তু নৌযানটি তা না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় সেটিকে ধাওয়া করে আটক করা হয়েছে। নৌযানটিতে ক্যাপ্টেনসহ ১১ জন মৎসজীবী-নাবিক ছিলেন। তারা সবাই বর্তমানে হেফাজতে আছেন।’

২০২২ সালের পর এবারই প্রথম তারা কোনো চীনা মাছধরা নৌযান জব্দ করল। তবে এ বিষয়ে চীন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি।  

প্রসঙ্গত, স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ডের ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে দাবি করে আসছে চীন। চীন জানিয়েছে, প্রয়োজনে বল প্রয়োগ করে তারা তাইওয়ান দখল করবে। তবে গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি হুঁশিয়ারি দেন- বেইজিং বলপ্রয়োগ করে তাইওয়ান দখলে নিলে টোকিও সামরিক পদক্ষেপ নেবে বলে। ১৯৪৫ সাল পর্যন্ত কয়েক দশক দ্বীপটি দখলে রেখেছিল জাপান।

সূত্র: বিবিসি