ফেনীতে মাদকবিরোধী অভিযান, আটক ১
প্রতিকি ছবি
ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ ইয়াবাসহ শহিদুল ইসলাম সুমন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার সকালে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম তাকে আটক করে। আটককৃত শহিদুল ইসলাম পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার আবু তাহেরের ছেলে।
জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ছায়ানীড় ভবনের নিচতলা সুমনের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত শহিদুল ইসলাম সুমনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।