হাতিয়ার আলোচিত ধর্ষণ অভিযোগে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন

হাতিয়ার আলোচিত ধর্ষণ অভিযোগে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন

প্রতিকি ছবি

নোয়াখালীর হাতিয়ায় আলোচিত ধর্ষণ অভিযোগের ঘটনায় তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

তবে ঘটনার তিন দিন পার হলেও এ বিষয়ে থানায় বা আদালতে ভুক্তভোগী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। 

পুলিশ জানায়, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় স্বপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওই জিডির ভিত্তিতেই চিকিৎসা পরীক্ষার জন্য চাহিদাপত্র পাঠানো হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরী বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ী তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিম প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। সেগুলো পরীক্ষার জন্য আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ-এ পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা সংগ্রহ করে পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ভুক্তভোগী বা তার পক্ষ থেকে মামলা না হওয়ায় পুলিশ নিজ উদ্যোগে জিডি করেছে। বিষয়টি জনমনে আলোচনার সৃষ্টি করায় তদন্তের স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।