সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

জেনারেল এম এ জি ওসমানী

মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে এম এ জি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

পরে এম এ জি ওসমানীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।