রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার
প্রতিকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিথি আক্তার (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে মাতুয়াইলে একটি ভবনের ২য় তলায় এই ঘটনা ঘটে।
নিহত বিথি আক্তার বগুড়া জেলার নন্দিগ্রাম থানার শহরকুড়ি এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।
বর্তমানে পরিবারের সঙ্গে মাতুয়াইলের ভাড়া বাসায় বসবাস করতেন।
বাবা দেলোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, রাতে বিথির কক্ষে গিয়ে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ভোর পৌন ৫টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু কালের কণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছে।
জানা যায়, পারিবারিক কলহে এই দুর্ঘটনা ঘটে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিথি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। কিছুদিন আগে জানতে পারে তার প্রেমিক বিবাহিত। তাদের একটি সন্তান আছে। এরপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে।
হয়তো সে কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে।