বাউবির এইচএসসির স্থগিত বাংলা পরীক্ষা ২৯ আগস্ট

বাউবির এইচএসসির স্থগিত বাংলা পরীক্ষা ২৯ আগস্ট

ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এইচএসসি, ২০২৬-এর স্থগিত বাংলা (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা আগামী ২৯ আগস্ট নেওয়া হবে। একই দিনে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ২৪ জুলাই বাউবির অধীনে এইচএসসি পরীক্ষা থেকে শুরু হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা গত ১৭ জুলাই হওয়ার কথা ছিল। তবে, নির্ধারিত সময়ে পরীক্ষা দুটি অনুষ্ঠিত না হওয়ায় তা স্থগিত করা হয়। স্থগিত ওই দুই পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করে ২৯ আগস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার্থীদেরকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।

এদিকে, এইচএসসির ব্যবহারিক বিষয়ের পরীক্ষাগুলো আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্র ও কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্থগিত বাংলা পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলেও এইচএসসি পরীক্ষার অন্যান্য বিষয়ের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের সময়সূচি অনুযায়ীই অন্যান্য পরীক্ষা হবে।

বাউবি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে স্থগিত বাংলা পরীক্ষার বিষয়ে পরীক্ষার্থীদের অনিশ্চয়তার অবসান হলো।