ঢাবি উপাচার্যের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টইয়োওয়াতি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মি. সাহিদ নূরকরিম এবং মিনিস্টার কাউন্সিলর মি. আহমদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো বেশি সংখ্যক ইন্দোনেশীয় শিক্ষার্থী ভর্তি এবং তাদের বৃত্তি প্রদানের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তি প্রদানের বিষয়েও রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন।
ইন্দোনেশিয়ার ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ‘ইন্দোনেশিয়ান কর্নার’ স্থাপনের বিষয়েও রাষ্ট্রদূত উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণার প্রসার এবং শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের কল্যাণে ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে আরো বেশি যৌথ শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতির ওপর যৌথ ডিগ্রি কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং যৌথভাবে সম্মেলন, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা করেন তারা।
এসব কার্যক্রম এগিয়ে নিতে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে বৈঠকে ঐকমত্যে পৌঁছান সংশ্লিষ্টরা।