শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিকী ছবি

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার মাসুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় ঢাকা টু মাওয়ামুখী থেমে থাকা একটি ট্রাকের পেছনে মালবোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শওকত বেপারী (২৩) নামে এক হেলপার নিহত ও ৫ জন গুরুতর আহত হন।

নিহত শওকত বেপারী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট গ্রামের দবির বেপারীর ছেলে।

অপরদিকে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার বাঘড়া তালুকদারবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ চালক নিহত হন। তারা হলেন- শ্রীনগর উপজেলার বাঘড়া কাঁঠালবাড়ি গ্রামের আব্দুর রহমান (৪৫) ও দোহার উপজেলার জুবলি গ্রামের মৃত জব্বারের ছেলে জলিল (৪৬)।

এলাকাবাসী জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৃতদেহগুলো তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।