সাভারে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সাভারে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সংগৃহীত ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকচাপায় হাসান আলভী পুলক (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ। এর আগে বৃহস্পতিবার রাতে মহাসড়কের বীরশ্রেষ্ঠ রউফ গেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। 

নিহত হাসান আলভী পুলক দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বসতি আবাসিক এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সে সাভার আর্মি আইবিএ’র বিবিএ’র ১২তম ব্যাচের ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা গেছে, বৃহস্পতিবার সাভার আর্মি আইবিএ’র ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে প্রথম রমজানের ইফতার শেষ করে বিশ্ববিদ্যালয় ছাত্র হাসান আলভী পুলক মোটরসাইকেলে করে সাভার সেনানীবাসে বসবাসকারী সেনা কর্মকর্তা বোন জামাইয়ের বাসায় যাচ্ছিল। সে ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেটের পৌঁছালে রং সাইড দিয়ে আসা অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যায় হাসান আলভী পুলক।

সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ জানান, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর সাভার সিএমএইচে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।