রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের প্রাণহানি, আহত ৩
ফাইল ছবি
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকে কর্মরত কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহত মারুফ নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাড়ইল মিলঘর এলাকায় যাত্রীবাহী একটি মাহিন্দ্রা ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বর্তমানে আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।