শোষণমুক্ত দেশ গড়ার স্বপ্ন আজও বাস্তবে রূপ নেয়নি: মাসুদ সাঈদী

শোষণমুক্ত দেশ গড়ার স্বপ্ন আজও বাস্তবে রূপ নেয়নি: মাসুদ সাঈদী

সংগৃহীত

পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘১৯৭১ সালে যে শোষণমুক্ত ও বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজের লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সেই স্বপ্ন আজও বাস্তবে রূপ নেয়নি। আমাদের রাজনৈতিক পথচলায় আমরা বারবার হোঁচট খেয়েছি এবং দীর্ঘ সময় ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ও নিগৃহীত হয়েছি।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশংসা করে মাসুদ সাঈদী বলেন, ‘আমার দেখা ও বোঝা মতে, বাংলাদেশের ইতিহাসে এবারই সবচেয়ে সুষ্ঠু ও শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দেশে নির্বাচন মানেই যেখানে সংঘাত, রক্তপাত আর মামলার আতঙ্ক থাকে, সেখানে এবার সারা দেশে কোনো রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি। এটি একটি ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত। একটি শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে রাজনীতি করি এবং আপনারা যারা সরকারি দায়িত্বে নিয়োজিত আছেন, সবার লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা করা। দুর্ভাগ্যজনকভাবে বিগত ৫৪ বছরের মধ্যে প্রায় ২০ বছরই ফ্যাসিবাদ ও স্বৈরাচার মোকাবিলা করতে গিয়ে আমাদের সময় চলে গেছে। যে কারণে জনগণ স্বাধীনতার প্রকৃত সুফল বা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারেনি। তবে এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার।’

তিনি আরও যোগ করেন, ‘আপনারা আন্তরিক ছিলেন বলেই এবার একটি সুন্দর নির্বাচন সম্ভব হয়েছে। আমি আশা করি, আগামীতেও আপনারা দেশ ও জনগণের কল্যাণে একইভাবে কাজ করে যাবেন।’

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম; পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত; জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মাসুদ সাঈদী পিরোজপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।