নানা আয়োজনে খুবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে খুবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত ছবি

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনাসভা, ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন এবং খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক।

 

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও ঝুঁকিপূর্ণ পেশা। অন্যান্য পেশার তুলনায় এ পেশায় চ্যালেঞ্জ বেশি। দায়িত্বশীল ও নৈতিক আচরণের মাধ্যমেই সাংবাদিকরা জাতির আস্থা অর্জন করতে পারেন। সংবাদের মাধ্যমে যেন কারো ক্ষতি না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুবিসাসের সব সদস্যকে শুভেচ্ছা জানান।

খুবিসাস সভাপতি আলকামা রমিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, শাখা প্রধান (এস্টেট) উপ-রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।

 

শিক্ষার্থীদের সংগঠনসমূহের পক্ষ থেকে বক্তব্য দেন ওংকার শৃণুতার প্রধান সমন্বয়ক খাইরুন নাহার, বাঁধন খুবি ইউনিটের সাধারণ সম্পাদক আবরার আকিব, ভৈরবী’র সভাপতি মো. রেজোয়ানুল হক রাদ, ক্যারিয়ার ক্লাবের সেক্রেটারি রাহুল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাইরুন নাহার ও শাম্মী আক্তার মিথি।

আলোচনাসভা শেষে ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে খুবিসাসের সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, খুলনায় কর্মরত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।