সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইবি সিআরসি'র ইফতার ও পুরস্কার বিতরণ
ছবি: প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর উদ্যোগে স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনটির সদস্য নাদির হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিআরসির বর্তমান সভাপতি নাজমুল হাসান, সহ-সভাপতি হাবিবুর রহমান। সাবেক সভাপতি ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের বর্তমান সভাপতি নাজমুল হাসান বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো। আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করব। মাহে রমজানের শিক্ষা আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করুক।” তিনি সাংবাদিক, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটের সদস্য, অভিভাবক ও সম্মানিত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রমের সফলতা কামনায় দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, সিআরসি ইবি শাখা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল পরিচালনা করে, যেখানে অর্ধশতাধিক শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এবং তাদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্কুল পরিচালনা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী কার্যক্রম।