ইবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ(ট্রেজারার) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছর উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. ইদ্রিস আলী দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০)-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী অধ্যাপক এমতাজ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীকে চার বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে অবসরের বয়সসীমা পূর্ণ হলে তিনি আর এ পদে বহাল থাকবেন না।
প্রজ্ঞাপন অনুযায়ী, তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। দায়িত্ব পালনকালে তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন বলেন, “আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এই দায়িত্বে আসীন হওয়ার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমাকে পদের জন্য যোগ্য মনে করায় বর্তমান সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপ-উপাচার্য পদটি মূলত উপাচার্যকে সহায়তা করার জন্য। আমি আমার এই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে পোঁছানোর জন্য আমরা একসাথে কাজ করব।”