সিনাওয়াত্রার সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি
শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে থাইল্যান্ডের সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব জোরদারের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ লক্ষ্যে গত ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সভায় সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং থাইল্যান্ডের সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ২৩ জুলাই অনুষ্ঠিত সভায় ওই সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন এবং এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু, যৌথ গবেষণা পরিচালনা এবং পর্যায়ক্রমে আরও বেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে এ অংশীদারত্বের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সহযোগিতার প্রথম ধাপে যৌথভাবে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণার আদান-প্রদানের নতুন ক্ষেত্র তৈরি করবে।
এ ছাড়া সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য থাকা অ্যাকাডেমিক ও গবেষণাসংক্রান্ত সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে আনুষ্ঠানিক যোগাযোগের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ, সিলেবাস, কারিকুলাম ও গবেষণা অবকাঠামো সরেজমিনে পর্যালোচনার জন্য পারস্পরিক ক্যাম্পাস পরিদর্শনের উদ্যোগ নেওয়ার বিষয়েও একমত হন সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সক্রিয় ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সহযোগিতা বাস্তবায়িত হলে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা বহুমুখীভাবে উপকৃত হবেন। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মো. মুজাহিদুল ইসলাম, আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. খালিদ হাসান উপস্থিত ছিলেন।