রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার আটক

সংগ্রহীত ছবি

কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় রুবেল হোসেন নামের একজন ডিলারকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, এনএসআই ও গোয়েন্দা পুলিশের তথ্যে গতকাল শনিবার দুপুরে নগরীর স্টেশন বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৬১৩ কেজি মসুর ডাল, ১৬২ লিটার তেল, ১৫০ লিটার ছোলাবুট, চিনি ১৫০ কেজি ও ৭০ কেজি খেজুর জব্দ করা হয়েছে।

গোয়েন্দা সূত্র বলছে, মূলত টিসিবির পণ্য খোলাবাজারে এবং সরকার নির্ধারিত কেন্দ্রে বিক্রির জন্য প্রতিটি পয়েন্টে একজন ট্যাগ অফিসার থাকেন।

পণ্য বিক্রি শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করে শেষে তিনি অনাপত্তিপত্র দেবেন। কিন্তু সম্প্রতি দায়িত্বরত ট্যাগ অফিসাররা দায়রাসা দায়িত্ব পালন করায় ডিলাররা সব পণ্য বিক্রি না করে অবৈধভাবে মজুদ করার সুযোগ পাচ্ছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, আমরা বেশ কিছুদিন ধরে এমন খবর পাচ্ছিলাম, আমাদের গোয়েন্দা সদস্যরা কাজ করছিল। সর্বশেষ এনএসআই আমাদের তথ্য দিলে আমরা তাদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করি।

আটক ডিলারর নামে সরকারি পণ্য মজুদ রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। 

টিসিবি রংপুর অফিসের উপপরিচালক হাবীবুর রহমান জানান, আটক ডিলারকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।