দিনাজপুরে নিখোঁজের কিছুক্ষণ পর ভুট্টাক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরে নিখোঁজের কিছুক্ষণ পর ভুট্টাক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের কিছুক্ষণ পর সিরাজুল আল সামস (৭) নামের এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু সিরাজুল আল সামস নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। সে আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজন যখন ইফতারির প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় শিশু শামসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর অনেক খোঁজার একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার ভুট্টাক্ষেতের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।