মিরসরাইয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
প্রতিকি ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ১১ ফেব্রুয়ারি সংঘটিত এই নৃশংস ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের কামাল সওদাগর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল ভুক্তভোগী শিশুর পরিবার। শিশুটির পিতা ঝালকাঠির বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি প্রায় এক বছর আগে মিরসরাইয়ে এসে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন প্রতিবেশী মো. আনোয়ার (৪৩) খেলার কথা বলে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর পিতা জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আনোয়ার পলাতক ছিল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জোরারগঞ্জ থানা এলাকার বারৈয়ারহাটের খান সিটি সেন্টার এলাকা থেকে অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র্যাব-৭ ফেনী ক্যাম্প।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াডন লিডার মোহাম্মদ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।