উদ্বোধনের চার বছর পরও তালাবদ্ধ বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চরবেহেরপাড়া গ্রামে উদ্বোধনের চার বছর পার হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি কমিউনিটি ক্লিনিকের। ক্লিনিকের কার্যক্রম শুরু না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন এলাকার হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ক্লিনিকটির দরজায় ঝুলছে তালা। ভেতরে ধুলো-বালু আর মাকড়সার জালে ভরে আছে কক্ষগুলো। দেয়ালের প্লাস্টার ঝরে পড়ছে, বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। শুরুতে বিদ্যুৎ সংযোগ থাকলেও বর্তমানে সেটিও বিচ্ছিন্ন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটির অবস্থা ক্রমেই নাজুক হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কমিউনিটি ক্লিনিকটির নির্মাণ কাজ শেষ হয় ২০২০ সালে। পরে ২০২২ সালে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের চার বছর পার হলেও এখনো এর কার্যক্রম শুরু হয়নি। ক্লিনিকটি চালু হলে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা পেতেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শিশুদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু কার্যক্রম শুরু না হওয়ায় তাদের দূরবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা পেতে বিলম্ব হলে ঝুঁকি বাড়ছে বলেও জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনবল নিয়োগ, সরঞ্জাম সরবরাহ কিংবা নিয়মিত সেবা কার্যক্রম শুরুর কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।
এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মালেক জানান, সরকারিভাবে কমিউনিটি ক্লিনিকের জন্য কোন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। আমরা উপর মহলে এখানে নিয়োগের জন্য আবেদন দিয়েছি।