ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা ডিজেল নিলামে বিক্রি
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ড্রেজারচালিত যন্ত্রের জ্বালানি তেল (ডিজেল) তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার অভিযান পরিচালনার সময় এসব ডিজেল জব্দ করে নিলাম ডাকা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা মৌজার আলাকপুরের এগারোপুকুর এলাকায় একদিকে ফসলি জমি কেটে পুকুরের মতো গভীর গর্ত করা হচ্ছিল, অন্যদিকে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ চলছিল। অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়। পাশাপাশি জব্দ করা ডিজেল নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।