উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক
প্রতিকি ছবি
কক্সবাজারের উখিয়ায় র্যাব এর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে।
র্যাব- ১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক বুধবার বিকেলে জানিয়েছেন, ৩ মার্চ দিবাগত রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ এবং ধারালো চাকুসহ ৫ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। গ্রেপ্তারকৃতরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বালুখালী পান বাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় কতিপয় সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। তাৎক্ষণিকভাবে রাত ২১:৪৫ ঘটিকার র্যাবের আভিযানিক দলটি স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, তবে অন্ধকারে আরও ২-৩ জন কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল এবং ০ল১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং ১টি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি, ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা এবং ডাকাতির সাথে জড়িত। ১নং আসামি মো: আলমের বিরুদ্ধে ইতিপূর্বে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা (২০২৪) রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্রের উৎস উদঘাটনে র্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে।