দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স : দীপেন দেওয়ান

দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স : দীপেন দেওয়ান

সংগৃহীত ছবি

দুর্নীতিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেনা। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। 

তিনি বলেন, আমরা এখন নিজেদের জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক মনে করি।’ বিএনপির কোনো নেতাকর্মী দুর্নীতি, অনিয়ম কিংবা বিশৃঙ্খলার সাথে জড়ালে কোনো রকম ছাড় দেওয়া হবেনা। 

আজ বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে রাঙামাটির স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন। 

এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূট্টু, সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ফাতেমা জান্নাত মুমু উপস্থিত ছিলেন। 

পার্বত্য মন্ত্রী আরও বলেন, পর্যটন শহর রাঙামাটিকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে প্রথমে সড়কে শৃঙ্খলা আনা হবে। রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে চার লেনে উন্নীত করা হবে। পার্বত্যাঞ্চলে দেশি পর্যটকদের তুলনায় বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি করতে হবে। তবেই বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। পর্যটনকে ঢেলে সাজাতে হবে। যাতে পর্যটকদের আনাগোনা বাড়ে, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি হয়। সরকারের ১৮০ দিনের কর্মসূচীতে পার্বত্যাঞ্চলের আমূল পবির্তন হবে। 

দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে দারিদ্রতা দূর করতে শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিগগিরই ঝুলে থাকা শিক্ষক নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হবে। একই সাথে নতুন নতুন উদ্যোগ তৈরি করতে সরকারের পক্ষ থেকে সব ধরণে সহায়তা দেওয়া হবে।