সিরাজদিখানে কবরস্থানে কবিরাজ হত্যা, আদালতে স্বীকারোক্তি
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কবিরাজ রেখা রানী রায় হত্যা মামলায় আসামি মীর হোসেন (৪৮) আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গত ৫ মার্চ তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে ২ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের বারিগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলা ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মীর হোসেন ২০২৪ সালের ১৫ অক্টোবর বিকালে কাঁচি নিয়ে চাইনপাড়া পারিবারিক কবরস্থানের জঙ্গল পরিষ্কার করতে যান। মাগরিবের নামাজের প্রায় ১০ মিনিট আগে রেখা রানী কবরস্থানে এসে প্রবেশ করতে চাইলে তাকে নিষেধ করেন। কিন্তু তা সত্ত্বেও রেখা রানী জোর করে কবরস্থানে প্রবেশ করে পুরাতন ও ভাঙা কবর থেকে মানুষের হাড়, মাটি ও প্রজাপতি গাছের শিকড় তোলার চেষ্টা করেন। এ নিয়ে দুজনের তর্ক-বিতর্ক হয়।
একপর্যায়ে মীর হোসেন রাগান্বিত হয়ে ভুক্তভোগীর শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে ধরেন। এতে রেখা রানী রায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি নাক-মুখে হাত দিয়ে দেখেন ভুক্তভোগীর শ্বাস-প্রশ্বাস নেই। ঘটনার পর মরদেহ গোপন করতে পাশের একটি ধানক্ষেতের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যান মীর হোসেন।
পরের দিন স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের একপর্যায়ে মীর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।