ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, পেট্রলপাম্প ভাঙচুর

ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, পেট্রলপাম্প ভাঙচুর

সংগৃহীত ছবি

ঝিনাইদহে পেট্রলপাম্পের কর্মচারীর পিটুনিতে যুবক নিহতের ঘটনায় ৩টি বাসে অগ্নিসংযোগ ও পেট্রলপাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে শহরের আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে বাস টার্মিনালে বাসে আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত ১টার দিকে যুবক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা সৃজনী ফিলিং স্টেশন ভাঙচুর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন বলেন, তদন্ত শেষে দুষ্কৃতকারীদের শনাক্ত ও ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বাস মালিক সমিতির সহ-সাধারণ রোকোনুজ্জামান রানু।

তিনি বলেন, অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

স্বাধীন দেশে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করা কোনোভাবেই কাম্য নয়।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাসটার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের পিটুনিতে ফারদিন আহমেদ নিরব নামের এক যুবক নিহত হন।