দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকা রয়েছে : নিপুণ রায় চৌধুরী
সংগৃহীত ছবি
দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
রবিবার দুপুরে কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই দেশের নারীরা কুসংস্কারমুক্ত সমাজ পাবে। নারীদের শিক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে সমাজে প্রচলিত কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি বলেন, ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই প্রতিপাদ্য নিয়ে এবারের নারী দিবসে নতুন করে নারী জাগরণ সৃষ্টি হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীরা সচেতন ও সংগঠিত হলে সমাজ থেকে কুসংস্কার, সহিংসতা ও বৈষম্য দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, দেশের নারীরা শ্রম ও মেধা দিয়ে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নারীদের ভাগ্য পরিবর্তন হবে।
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব বলেন, পিছিয়ে পড়া নারীদের শিক্ষার মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। নারীদের সমাজের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার নারীদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচিও রয়েছে। খুব দ্রুত এ উদ্যোগ বাস্তবায়িত হবে।