ইয়াবা চিবিয়ে খেয়ে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় পুলিশের অভিযানের সময় ইয়াবা চিবিয়ে খেয়ে দিদারুল আলম নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে আমবাগান এলাকায় পুলিশের অভিযানের সময় এই ঘটনা ঘটলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও রবিবার প্রকাশ্যে আসে।
রবিবার (৮ মার্চ) ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করছেন। তিনি এপাশ-ওপাশ করতে করতে মাটি চাপড়াচ্ছিলেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার দুইটা বাচ্চা আছে স্যার’।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, চট্টগ্রাম নগর পুলিশের চলমান ‘এস ড্রাইভ’ বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলেন। পরে অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে নগরী আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলশী থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দিদারুল আলমের বিরুদ্ধে খুুন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে গেলে সে সাথে থাকা ইয়াবা চিবিয়ে খেয়ে ফেলে। অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় খুলশী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে