বরিশালে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
প্রতিকি ছবি
আবাসিক হোটেলে নিয়ে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের নারীসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে কোতয়ালী মডেল থানা পুলিশ দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর সাগরদী ব্রাঞ্চ রোড এলাকার মনোমন্তদত্তের কন্যা মিলিতা দত্ত ওরফে ম্যালাইসা (২১) ও বাকেরগঞ্জের নন্দপাড়া হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত মোশারফ হাওলাদারের ছেলে সান্টু হাওলাদার।
গ্রেপ্তারকৃত দুইজনসহ নামধারী আরো ৬ জনসহ অজ্ঞাত তিনজনকে আসামী করে শনিবার রাতে মামলা করেছে সদর উপজেলার কড়াপুর এলাকার বাসিন্দা ইলেকট্রেশিয়ান মো. সিরাজুল ইসলাম।
মামলায় তিনি উল্লেখ করেন, সিরাজুল ইসলামের সাথে মামলার নামধারী আসামি আব্দুর রহমানের পূর্বপরিচয় ছিল। শনিবার বিকালে জরুরি কাজের কথা বলে সিরাজুলকে গির্জা মহল্লা এলাকায় ডেকে নেয় রহমান। রাত ৯টার দিকে তিনি সেখানে গেলে তাকে হোটেল ইম্পেরিয়ালের চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওঁত পেতেছিল চক্রের ৮-১০ জন সদস্য। কক্ষে প্রবেশের পর মিলিতা নামের ওই তরুণী তাকে কথা বলে আটকে দেন। এর পরপরই চক্রের অন্য সদস্যরা তাকে জিম্মি করে ওই তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে, তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও ১৩ হাজার টাকা দাবি করা হয়।
এক পর্যায়ে কৌশলে বিষয়টি পরিচিত এক ব্যক্তিকে জানান সিরাজুল। তার মাধ্যমে খবর পেয়ে রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে মিলিতা ও সান্টুকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের মালিক, ব্যবস্থাপকসহ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সনজিৎ চন্দ্র নাথ বলেন, ভুক্তভোগী যুবকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে। হোটেলের মালিকসহ পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।