কুষ্টিয়ায় হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল

কুষ্টিয়ায় হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল

সংগৃহীত ছবি

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন। পাঁচজন থাকার কথা থাকলেও অন্য চারটি পদই শূন্য রয়েছে। ফলে রোগী, তাদের স্বজন ও চিকিৎসকরা অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তিতে পড়ছেন। 

এ অবস্থায় হাসপাতালটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আফজাল হোসেন। সোমবার সকাল ১০টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। চলে সকাল ১০টা ৩৭ মিনিট পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দীন, সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, কর্মপরিষদ সদস্য ও বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানাসহ অন্যরা।

মো. আফজাল হোসেন বলেন, ❛জামায়াতে ইসলামীর আমির ঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। তার নির্দেশনায় কুষ্টিয়া-৪ আসনে সোমবার এ অভিযান শুরু করা হয়েছে। হাসপাতালসহ প্রতিটা প্রান্তর নিট অ্যান্ড ক্লিন করা হবে।❜

তিনি আরো বলেন, ❛পরিচ্ছন্নতাকর্মীসহ হাসপাতালের সব জনবল সংকটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে।❜

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. খালেক সাইফুল্লাহ বলেন, ❛তিন ওয়ার্ডবয় পদের তিনটিই শূন্য, একমাত্র মালী পদটি শূন্য। দুজন নিরাপত্তা কর্মীর দুটি পদও শূন্য। এছাড়া পাঁচ পরিচ্ছন্নতা কর্মীর চারটিই শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নবনির্বাচিত এমপি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে জনবল সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।❜