চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এবং আটটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার রাতে নগরের বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আফতাব উদ্দিনের বিরুদ্ধে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানায় মোট আটটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের ১৩৮ ধারার পাঁচটি মামলায় তার ১৩ বছরের কারাদণ্ড হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া আফতাব উদ্দিনকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।