চিলমারিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটাকে জরিমানা
ফাইল ছবি
কুড়িগ্রামের চিলমারি উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর-এর যৌথ অভিযানে একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে চিলমারিতে অবস্থিত একটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অভিযোগে কিসামতবানু মৌজার বালাবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স ওয়ারেস ব্রিকসকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটাটির অবকাঠামোর একটি অংশ স্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।
অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।