ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী এ্যানি
সংগৃহীত ছবি
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। আমরা ক্ষমতা গ্রহণ করিনি, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। এটা আমাদের ক্ষমতা নয়, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক অবস্থান থেকে এই দায়িত্বটুকু পালন করার ক্ষেত্রে আমি এ দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ।
আমি শপথ নিয়েছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এই প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীর মতো নয়, একটু ভিন্ন, উনার কথাবার্তা, বক্তব্য-ভাষণে ইতোমধ্যে প্রমাণ করেছে। এই প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরনের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি৷ এতে আমরা জাতি উপকৃত হয়েছি। যারা সরকারি চাকরি করেন, তারা সতর্ক ও সজাগ হয়েছেন এবং দেশের মানুষ আমরা উপকার এবং সুবিধা পাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি ইতঃপূর্বে ১৫-২০টি গাড়ির বহর থাকতো। ঢাকা শহরের গত একমাসে কারো চোখে কি গাড়ির বহর দেখা গেছে? এটা হলেন তারেক রহমান, একজন ভিন্ন প্রধানমন্ত্রী। জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। এখনো শপথের এক মাস হয়নি, ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে যে, তারেক রহমানের পক্ষেই সম্ভব এ দেশ পরিচালনা করা। দেশে ২০ কোটির ওপর মানুষ, ধর্ম-বর্ণ-গোত্র সবমিলিয়ে আমরা যারা বাংলাদেশি, আমরা যারা এ দেশে বসবাস করি, আমাদের সবার মধ্যে দেশের প্রতি মায়া মমতা দরদ রয়েছে।
এই দরদ জাগিয়ে তুলতে হবে, এই ক্ষেত্রে তারেক রহমান একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফ্যামিলি কার্ড নিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কি প্রশ্ন তুলতে পারবেন যে এটি শুধু একটা গোষ্ঠী বা মুসলমান তাদের জন্য? না, ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষের জন্য। এই ফ্যামিলি কার্ড আপনার জন্য থাকবে আমার পরিবারের জন্যও থাকবে। পরিবারের গৃহিনীর নামে ফ্যামিলি কার্ড থাকবে। কোনো পুরুষের নামে ফ্যামিলি কার্ড দেয়নি। এটা সবার জন্য আসবে। আজকে প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়েছে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্ব ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্য সচিব মানিক সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।