টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার কামারখাড়া গ্রামে কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো-এর উদ্যোগে এ দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।
বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক ও সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহেন শাহ।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুল জব্বার, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।