নাটোরে সন্ত্রাসী হামলায় বাবা নিহত, ছেলে আহত
প্রতীকী ছবি
নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সন্ত্রাসী হামলায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মাহমুদ কাউসার (২৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার কদমতলা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কদমতলা মোড় এলাকায় চিৎকার–চেঁচামেচির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় একই এলাকার আলামিন, হামজা, ইমনসহ ১০-১২ জন যুবক আবুল কালাম আজাদ ও তার ছেলে মাহমুদ কাউসারকে এলোপাতাড়ি মারধর করছিল বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে হামলাকারীরা আবুল কালাম আজাদকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় আবুল কালাম আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে পথে রাত ১টা ১০ মিনিটের দিকে রাজশাহী শহরের তালাইমারি এলাকায় তার মৃত্যু হয়।
অন্যদিকে গুরুতর আহত মাহমুদ কাউসারকে রাত পৌনে ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাটোর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।