কেরানীগঞ্জে এক হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার

কেরানীগঞ্জে এক হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে এক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগানগর বালুর মাঠ এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় তেল, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, আলু, লবণ, পেঁয়াজ, দুধ, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান (শপু)।

অনুষ্ঠানের পরিচালক জিয়াউর রহমান এবং সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।

সামগ্রী গ্রহণ করতে আসা অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই ধরনের সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং ঈদের আনন্দকে বাড়িয়ে দেয়।

আরশাদ রহমান (শপু) বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি সমাজের বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।