রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন নবনিযুক্ত উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন নবনিযুক্ত উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন নবনিযুক্ত উপাচার্য। ছবিঃ সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এই জ্যেষ্ঠ অধ্যাপককে চ্যান্সেলরের পক্ষ থেকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।উপাচার্যের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. কুদরত-ই-জাহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও রাবি অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। 

নবনিযুক্ত উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের একটি আদর্শ জ্ঞানকেন্দ্রে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে প্রশাসন পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন। একইসাথে ক্যাম্পাসে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ড. ফরিদুল ইসলাম শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। পরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন শেষে সিনেট ভবন চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।