নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

র‍্যাব জানায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ ১৪ বছর পর বিচার কার্যক্রম শেষে আদালত ২৬ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন।

রায়ের পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লতিফকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকা আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিলো।

এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’